
নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলাম (৩০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধামগড় পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোঃ মাহমুদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গত ৩১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন ফুলহর এলাকার রমুর বাড়ির সামনে (মাজার বাড়ি) পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বন্দর উপজেলার মুরাদপুর এলাকার ডা. আজিজুল হক ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে (পিসি-পিআর যাচাই সাপেক্ষে)।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

