বন্দরে আকিজ সিমেন্টে চুরির মামলায় ট্রাক চালক গ্রেপ্তার
বন্দরে আকিজ সিমেন্টে চুরির মামলায় ট্রাক চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কোম্পানির ২০ বস্তা সিমেন্ট ও ২টি নতুন চাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিরোজ মাহমুদ (৩৬) নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফিরোজ মাহমুদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদি আলমডাঙ্গা এলাকার বিল্লাল মন্ডল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকায় আকিজ সিমেন্ট কোম্পানিতে ট্রাক চালক হিসেবে কর্মরত ছিলেন।
গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় আকিজ সিমেন্ট কোম্পানির লজিস্টিক অফিসার ওয়াজেদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার সকালে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার চালককে একমাত্র আসামি করা হয়।
পরে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফিরোজ মাহমুদ ঢাকা মেট্রো-উ ১৪-২৬৭৯ নম্বর ট্রাকযোগে ২৭০ বস্তা সিমেন্ট (মূল্য ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা) নিয়ে লক্ষ্মীপুর ডিলারের কাছে রওনা হন। পথে তিনি ২৫০ বস্তা সিমেন্ট বুঝিয়ে দিয়ে বাকি ২০ বস্তা সিমেন্ট (মূল্য ১০ হাজার টাকা) এবং ট্রাকের ২টি নতুন চাকা (মূল্য ৭০ হাজার টাকা) আত্মসাৎ করে বিভিন্ন স্থানে বিক্রি করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, মামলার পর তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

