
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলির পাশে ফজলুলের বাড়ির সামনে মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁও থানার এসআই (নি:) মোঃ সহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযানটি চালায়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রাসেল (২৮)। তিনি লক্ষীপুর সদর উপজেলার চরঘুটি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ১ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

