
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
অভিযুক্ত স্ত্রীর দাবি, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে তালাক হয়। তবে তালাকের পরও তার স্বামী নিয়মিত তার বাসায় যাতায়াত করতেন। এর মধ্যে প্রায় তিন মাস আগে তিনি অন্য এক নারীকে বিয়ে করেন। বিষয়টি মেনে নেওয়ার পরও তার স্বামী তাকে ভরণপোষণ না দিয়ে বেতন পেলেই টাকার জন্য বাসায় আসতেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত স্ত্রী আরও দাবি করেন, তার স্বামী প্রায়ই তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন। ঘটনার রাতেও একইভাবে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন বলে জানান।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন জানান, অভিযুক্ত নারীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে ঘটনার প্রকৃত কারণ ও পারিবারিক বিরোধের বিষয়টি তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

