সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদক ও অপরাধ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে মাদক ও অপরাধ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর পুল চত্বরে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জ থানা ও ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

 

​সভাপতিত্ব করেন: জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব আজহারুল ইসলাম মান্নান, মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। অধ্যাপক মামুন মাহমুদ, প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ। জনাব মাশুকুল ইসলাম রাজীব, চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ।  অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু, সভাপতি, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি। জনাব মাসুদ রানা, সাধারণ সম্পাদক, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি।

​এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা ও ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের জনসাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা সভায় অংশ নেন।

​সামাজিক অপরাধ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই সময়োপযোগী উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাধারণ মানুষ এলাকায় মাদকের প্রকোপের কথা তুলে ধরে এবং তা নির্মূলে নিয়মিত ও কঠোর অভিযানের দাবি জানান।

প্রধান অতিথি সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান তাঁর বক্তব্যে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, “মাদকসেবী ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।” পাশাপাশি, বাসা ভাড়া দেওয়ার পূর্বে ভাড়টিয়াদের জাতীয় পরিচয়পত্র ও পূর্বাপর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়ার জন্য বাড়ির মালিকদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, তাদের তালিকা এখনই বা আমার অফিসে দিন। তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”

সভা চলাকালীন সময়েই উপস্থিত অনেক সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন নাগরিক লিখিত ও মৌখিকভাবে তালিকাভুক্ত মাদক কারবারি ও বিভিন্ন মাদক স্পটের নাম পুলিশ সুপারের নিকট হস্তান্তর করেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে প্রাপ্ত অভিযোগগুলো আমলে নিয়ে পর্যায়ক্রমে জোরালো অভিযান পরিচালনা এবং তালিকাভুক্ত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Back to top button