
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তার কুশ পুত্তলিকা দাহ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার রাতে ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে শামীম ওসমানের বাড়ির সামনে যান। এ সময় তারা শামীম ওসমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তার কুশ পুত্তলিকা দাহ করা হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও কদম রসুল কলেজের সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন জানান, নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যাতে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা নাশকতা করতে না পারেন, সে জন্য তারা মশাল মিছিল করেছেন। বিশেষ করে শামীম ওসমান ও তার অনুসারীরা যাতে নারায়ণগঞ্জে কোন নাশকতা করতে না পারেন, সেই বার্তা দিতেই তার বাড়ির ফটকে আগুন দেয়া হয়েছে। বাড়ির ভেতরেও আগুন ছোড়া হয়েছে। তার কুশ পুত্তলিকা দাহ করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।

