নারায়ণগঞ্জে প্রথম হিপো বাংলাদেশ স্টুডেন্ট সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের আলী আহমেদ চুনকা পাঠাগারে অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রথম হিপো বাংলাদেশ স্টুডেন্ট সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬।।
শনিবার (৭ নভেম্বর) সকালে হেরিটেজ স্কুল ও বাংলাদেশ অলিম্পিয়াড একাডেমির যৌথ আয়োজন এবং সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিপো দ্য কনটেস্ট-এর সহ-প্রতিষ্ঠাতা মিস্টার দানিয়েলে পিয়াসেন্টি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর সহকারী অধ্যাপক ফাতিমা আলম। অনুষ্ঠানে হেরিটেজ স্কুলের অধ্যক্ষ মো. কাওছার চৌধুরীসহ অন্যান্য আমন্ত্রিত মেহমানগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাফল্য ও মেধাকে সাধুবাদ জানান।
সারাদেশের মেধাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই সামিটে বিভিন্ন জেলার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে। এর মধ্যে ঢাকার মাস্টারমাইন্ড স্কুল (উত্তরা ও ধানমন্ডি শাখা), বনানীর স্মার্ট ইনোভেশনস স্কুল, কেরানীগঞ্জের লন্ডন স্কুল অফ ইংলিশ এবং লালমাটিয়ার শাহাজপথ হাই স্কুল অন্যতম। নারায়ণগঞ্জ থেকে হেরিটেজ স্কুল, চেঞ্জেস স্কুল, বেইলি স্কুল ও হিট সেন্টার অংশগ্রহণ করে। ঢাকার বাইরে থেকে চট্টগ্রামের ফুলকি শাহাজপথ বিদ্যালয়, নরসিংদীর এসটিএস ইনস্টিটিউট, কিশোরগঞ্জের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, খুলনার আরডিএম ইন্টারন্যাশনাল স্কুল, কসমো স্কুল অ্যান্ড কলেজ এবং আফাজউদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিয়ে সামিটকে প্রাণবন্ত করে তোলেন।
সম্মেলনের সমাপনীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। আয়োজক সংস্থা হেরিটেজ স্কুল ও বাংলাদেশ অলিম্পিয়াড একাডেমি আশা প্রকাশ করে যে, এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা বিকাশ আরও ত্বরান্বিত হবে এবং বিশ্বমঞ্চে প্রতিযোগিতার মনোভাব নিয়ে নিজেদের উপস্থাপন করতে তারা অনুপ্রাণিত হবে।

