নারায়ণগঞ্জে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসে দখল ও হামলার প্রতিবাদে শেয়ারহোল্ডারদের স্মারকলিপি
নারায়ণগঞ্জে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসে দখল ও হামলার প্রতিবাদে শেয়ারহোল্ডারদের স্মারকলিপি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসের নিরীহ শেয়ারহোল্ডারদের জানমাল রক্ষা এবং তাদের মালিকানাধীন জমি দখলের অপচেষ্টা রোধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত ২৬ জুলাই ২০২৬ তারিখে ভুক্তভোগী শেয়ারহোল্ডারদের পক্ষে মো. ইয়াকুব এই আবেদন জানান।
অভিযোগে বলা হয়, ২০০১ সালে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মিলটি ৫১০ জন স্থায়ী শ্রমিক-কর্মচারীর কাছে হস্তান্তর করা হয়। কিন্তু মিলের দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সামছুদ্দিন প্রধান ও তার সহযোগীরা অনিয়মের মাধ্যমে অতিরিক্ত শেয়ার বিতরণ, সম্পদ আত্মসাৎ এবং এজিএম বন্ধ রাখেন।
সর্বশেষ গত ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার রাতে অবৈধ পর্ষদের চেয়ারম্যান সামছুদ্দিন প্রধান ও নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লা, পরিচালক জাহাঙ্গীর মোল্লা ও মনির হোসেন মোল্লার অনুসারী সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মিলের অভ্যন্তরে বসবাসরত শেয়ারহোল্ডারদের ওপর হামলা চালায়। এতে এক নারীসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং গভীর রাতে বাহিরাগতদের নিয়ে পুনরায় হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ রয়েছে।
তকালীন ফ্যাসিস্ট সরকারের দোসরদের মদদপুষ্ট এই চক্রটি আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিলের ভেতরে জোরপূর্বক সাইনবোর্ড ঝুলিয়ে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। এ বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন (নং-১৬৬২৩/২০২৩) বলবৎ রয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থা বিটিএমসিও শেয়ার কেনাবেচাকে অবৈধ ঘোষণা করেছে।
এমতাবস্থায় মিলের অভ্যন্তরে বসবাসরত শত শত পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও জালিয়াতি রোধ করে একটি আইনানুগ পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
উক্ত স্মারকলিপির অনুলিপি নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (নউইক) চেয়ারম্যান এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।

