
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে আত্মরক্ষা করতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সাদা পোশাকে ওই দুই পুলিশ সদস্য তথ্য সংগ্রহে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার ঘটনাস্থলেই প্রাণ হারান।
রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। তিনি বলেন, “হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক আস্তানা রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করেছে। এ হত্যাকাণ্ডের পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, এর আগে চলতি বছরের মে মাসেও একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনায় তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছিল পুলিশ। সে সময় ফতুল্লা মডেল থানা পুলিশ ৫ জনকে আটক করলে তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। পুলিশের ভাষ্যমতে, ওই ঘটনায় অভিযুক্তরাও স্থানীয় মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল

