
নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দল থেকে বহিষ্কারের পর এবার ফতুল্লা থানা কৃষকদলের নেতা জুয়েল আরমানসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার বাসিন্দা দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে হামলার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সদ্য বহিষ্কৃত কৃষকদল নেতা জুয়েল আরমানসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট নেতারা জানান, অতি উৎসাহী হয়ে কিছু বিপথগামী কৃষকদল কর্মী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামি শাকিলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একই ঘটনায় নিহত ইউসুফের হত্যা মামলার বিষয়ে ওসি মাহবুব আলম জানান, নিহতের পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে মরদেহ দাফন সম্পন্ন করেছেন। আগামীকাল শনিবার থানায় এসে তারা আনুষ্ঠানিকভাবে হত্যা মামলার এজাহার দায়ের করবেন বলে পুলিশকে জানিয়েছেন।

