রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রে’প্তা’র
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করার পরপরই শনিবার (১৪ নভেম্বর) রাতে পুলিশের এক যৌথ অভিযানে অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে কেন্দ্র করে মাঠে কর্মসূচি ও তথ্য আদান-প্রদান নিয়ে তার মুঠোফোনে সন্দেহজনক ও সরকারবিরোধী বার্তা পাওয়া গেছে। এর আগে প্রাথমিক সত্যতা পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন এবং তার দুটি মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন এবং ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্তের পাশাপাশি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে তার বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্তও চলমান রয়েছে।

