অপরাধ

সোনারগাঁয়ে হামেশা ফুড ও কাশ্মীর গ্রুপে চাঞ্চল্যকর ডাকাতি: মালামালসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘হামেশা ফুড লিমিটেড’ ও ‘কাশ্মীর গ্রুপ’ ফ্যাক্টরীতে সংঘটিত দুটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উন্মোচন করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ২০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, ববিন ও নগদ টাকা।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে সোনারগাঁয়ের হামেশা ফুড লিমিটেডের সিকিউরিটি গার্ডদের জিম্মি করে তামার তার, মনিটর ও মোবাইল ডাকাতি করে একটি পিকআপে নিয়ে চম্পট দেয় অজ্ঞাতনামা ডাকাত দল। এর পরদিনই (২৭ অক্টোবর) একই কায়দায় কাশ্মীর গ্রুপ লিমিটেডে প্রবেশ করে বিপুল পরিমাণ তামার তারসহ অন্যান্য মালামাল লুট করে তারা। দুটি পৃথক ডাকাতির ঘটনায় সোনারগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

​ঘটনার পরপরই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদী ও ‘বি’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপংকর ঘোষের তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু হয়।

​সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে গঠিত পুলিশের দুটি পৃথক টিম ঢাকা, গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় টানা অভিযান পরিচালনা করে।

​অভিযানে প্রথম টিম ডিএমপির যাত্রাবাড়ী এলাকা থেকে শরীয়তপুরের জাজিরা থানার নগরবোয়ালিয়া গ্রামের রাদেশুল মাদবর ওরফে রাজু (৩০) এবং গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আনারকলি এলাকা থেকে কুমিল্লার তিতাস থানার দড়িমাছুমপুর গ্রামের আবু সাঈদ ওরফে মোল্লা (৩৯)-কে গ্রেপ্তার করে।

​অন্যদিকে, দ্বিতীয় টিম গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী থানার বাছের মিয়া (২৫), টাঙ্গাইলের ঘাটাইল থানার অনিল বাবু (৩৫) এবং গাজীপুরের কালীগঞ্জ থানার ইমন হাসান ওরফে রাশেদুল (২৮)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কভার থেকে ছাড়ানো ২০০ কেজি তামার তার, ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৬৮৫৮), ১টি তামার ববিন এবং ডাকাতির মালামাল বিক্রির নগদ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

​সোনারগাঁও থানা পুলিশ জানায়, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে গ্রেপ্তারকৃত রাদেশুল মাদবর ওরফে রাজু ও আবু সাঈদ ওরফে মোল্লা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

​উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রাদেশুল মাদবরের বিরুদ্ধে পূর্বে ১টি ডাকাতির প্রস্তুতি মামলা এবং অনিল বাবুর বিরুদ্ধে ডাকাতিসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Back to top button