ফতুল্লায় ৬১ পাসপোর্ট, ৫ এনআইডি ও ৬ সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
ফতুল্লায় ৬১ পাসপোর্ট, ৫ এনআইডি ও ৬ সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে মো. হাবিবুর রহমান (পিপিএম-সেবা) যোগদানের পর থেকে অপরাধ দমনে একের পর এক সফল অভিযান পরিচালনা করে আসছে জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন দপ্তরের ৬টি সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ডস্থ কেএমএস টাওয়ারের ৪র্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১. রাশেদ (৪৩), পিতা- মৃত জয়নাল, সাং- আজিবপুর, থানা- সিদ্ধিরগঞ্জ, ২. মো. আব্দুল্লাহ তানহা (৩৯), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- ভূইগড় শান্তিধারা, থানা- ফতুল্লা এবং ৩. মো. মহসিন বেপারী (৩২), পিতা- মোশারফ বেপারী, সাং- দক্ষিণ শিয়াচর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি রাশেদের ভাড়াকৃত কক্ষে তল্লাশি করে বিভিন্ন ব্যক্তির নামে ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন দপ্তরের ৬টি সিল উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত সিলসমূহের মধ্যে রয়েছে- চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রার, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ; নোটারি পাবলিক এবং “সত্যায়িত প্রতিলিপি” লেখা সিল।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা বলেন, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ সরকারি সিল জালিয়াতি একটি সংঘবদ্ধ প্রতারণা। সাধারণ মানুষকে বিদেশ পাঠানোর নামে বা জাল দলিল তৈরির মাধ্যমে তারা প্রতারণা করে আসছিল। এ ধরনের চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের পিসিপিআর যাচাই করে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় প্রতারণার ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পুলিশ সুপারের বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে একের পর এক সফল অভিযানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং তার এই বিভিন্ন অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

