বন্দর হত্যা মামলা: প্রধান আসামি তাফসীর গ্রেফতার
বন্দর হত্যা মামলা: প্রধান আসামি তাফসীর গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে নিহত মো. টুটুল (২৮) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি তাফসীরকে (২৩) গ্রেফতার করেছে এসআরবি-১১।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-১-এর একটি দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন প্রধান ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তাফসীর বন্দর উপজেলার আলীনগর এলাকার শফি উদ্দিনের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৮ জুন সন্ধ্যায় বন্দর থানার আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে মো. টুটুলকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায় তাফসীর ও তার সহযোগীরা। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে বুকের মাঝখানে চাকু দিয়ে গুরুতর জখম করা হয়। পরে তার কাছ থেকে নগদ ১২,৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে বন্দর উপজেলা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ প্রায় দুই মাস পর গত ২৪ আগস্ট রাতে টুটুল মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেফতারকৃত আসামি তাফসীরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

