আইন-আদালত

নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলা: অস্ত্র উদ্ধার ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলা: অস্ত্র উদ্ধার ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। মামলার অন্যতম আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ।

​পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর এজাহারভুক্ত ও তদন্তে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। এদের মধ্যে কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরবর্তীতে মামলার এজাহারভুক্ত আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনকে ৫ দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।

​জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের একটি দল পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ রোডস্থ রামকৃষ্ণ মিশনের মেইন গেটের ২০-২৫ গজ পূর্বে ফুটপাতের পাশে গাছের ঝোপঝাড়ের মধ্যে অভিযান চালায়। এ সময় একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় সাড়ে ৭ ইঞ্চি লম্বা ওই বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ব্যারেলে ইংরেজিতে “MADE IN USA 7.65 MM” খোদাই করা রয়েছে। গত ৮ সেপ্টেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে সাক্ষীদের উপস্থিতিতে নিয়মিত জব্দ তালিকার মাধ্যমে অস্ত্রটি আলামত হিসেবে জব্দ করা হয়।

​প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতা এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও বিরোধের জের ধরেই শুভ চন্দ্র দাসকে ঠান্ডা মাথায় হত্যার পরিকল্পনা করা হয়। এই হত্যাকাণ্ডে সুমন ছাড়াও আরও একাধিক ব্যক্তি সরাসরি জড়িত ছিলেন।

​পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে ও দখলে রাখার অপরাধে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে (The Arms Act, 1878-এর 19A ধারা) নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Back to top button