রাজনীতি

নারায়ণগঞ্জে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নারায়ণগঞ্জে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা।

সমাবেশে জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আমাদের দুঃখ বুঝবেন না। কারণ আমরা খাই নিজের কামাই-ইনকামের টাকা দিয়ে, আর আপনি খান সরকারি ভাউচারের মাধ্যমে টাকা দিয়ে।”

তিনি বলেন, “জনগণের ওপর জুলুম-নির্যাতন আগে পাশবিক রাজা-বাদশাহদের মতো। পরপর দুই দিন পরপর গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করে এভাবে আমাদের ওপর অন্যায় চাপিয়ে দেবেন না।”

মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী বলেন, “আমরা যখন তারেক রহমানকে বলতে শুনেছিলাম ‘আই হ্যাভ এ প্ল্যান’, তখন আমরা অনেক আশান্বিত হয়েছিলাম। আমরা ভেবেছিলাম, এই প্ল্যান সম্ভবত জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা। সেই ভরসায় এ দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল।”

তিনি আরও বলেন, “আপনারা জানেন, সেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে আজকের বাংলাদেশের পরিস্থিতি দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কোনো রকম টালবাহানা চলবে না।”

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, “বাংলাদেশে দীর্ঘ ১৭ বছরের আমল থেকে বেরিয়ে এসে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে সরকারকে প্রতিষ্ঠা করা হয়েছে, সেই সরকারকে আমরা দেখছি আওয়ামী পথেই তারা পা বাড়ছে। তারা সাফাই দেওয়ার চেষ্টা করছে।”

তিনি বলেন, “এই সরকারের বয়স মাত্র পাঁচ-ছয় মাস, এতে করে আপনারা কেন ক্ষুব্ধ হচ্ছেন? আমরা বলছি, যদি আমরা এই ছয় মাসের হিসাব না তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে দেশ বিক্রি করে দেবে।”

মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম বলেন, “অস্থির বাংলাদেশ, অশান্তির বাংলাদেশে বিল আছে, বিদ্যুৎ নাই; বিল আছে, গ্যাস নাই। সেখানে আবার বিলের পরিমাণ আপনারা বাড়াতে চান। ঠিক কোন জায়গা থেকে, কোন বুদ্ধিতে, কোন চিন্তায় সেটা আমাদের মাথায় ধরে না।”

তিনি আরও বলেন, “আপনাদের বলা হয় জনতার সরকার। আপনারা নাকি নির্বাচিত সরকার হলে জনতার সরকার হয়ে উঠবেন। কিন্তু আমরা তো দেখছি, আপনারা জনতার সরকার নন; কোনো একটি প্রভু দেশ কিংবা ব্যবসায়ী অলিগার্ক যারা আছেন, তাঁদের সরকার হয়ে উঠছেন।”

সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীরা গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব তানজিম জুবায়ের, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান, মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলাম,  সদস্য সচিব জহিরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Back to top button