বন্দর থানায় হত্যা মামলার মূল আসামি চাকুসহ গ্রেফতার
বন্দর থানায় হত্যা মামলার মূল আসামি চাকুসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর আমির হোসেন ডালিম হত্যা মামলার মূল এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম শিহাব হাবীব (২২)। তিনি বন্দর থানার শুভকরদী এলাকার মোঃ বাছির আহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১০:৪৫ মিনিট থেকে ১১:০০ টার মধ্যে মাদক গ্রহণ বা ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের জেরে শিহাব হাবীব ও তার এক অজ্ঞাতনামা সহযোগী মিলে আমির হোসেন ডালিমকে (৩৬) পেটের বাম পাশে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে ঘাই মেরে গুরুতর আহত করে। এ সময় ডালিমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগস্ট ভোর ৫:২১ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত আমির হোসেন ডালিমের ভাই মোঃ রমজান হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। গত ৭ আগস্ট রাত সাড়ে আটটার দিকে বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট এলাকা থেকে মামলার মূল আসামি শিহাব হাবীবকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, একই দিন রাত সাড়ে এগারোটার দিকে বন্দর থানাধীন শুভকরদী এলাকার জনৈক মোঃ মেহেরাজ এর চায়ের দোকানের পেছনের ফাঁকা জমি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি স্টিলের রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

