সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় কুবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবদল নেতা আনোয়ার
সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় কুবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবদল নেতা আনোয়ার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৬ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো: জাফরুল হাছান লিছান। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পক্ষে একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। হামলার শিকার লিছানের ডান হাতের একটি আঙুল দ্বিখণ্ডিত হয়ে গেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মোফাজ্জল হোসেন আনোয়ার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর আগেও ২০২৫ সালে সিদ্ধিরগঞ্জের একটি ডাকাতির মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়েছিল বলে জানা গেছে।
চাঁদা দাবি ও নৃশংস হামলায় থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় লিছানের নিজস্ব বৈধ দলিলভুক্ত জমিতে দোকান নির্মাণ করতে গেলে দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছিলেন যুবদল নেতা আনোয়ার। তিনি লিছানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন (লিছানের প্রাথমিক অভিযোগ অনুযায়ী প্রথমে ৩০ হাজার টাকা দাবির পর তা বড় অঙ্কে রূপ নেয়)। লিছান তার জমির বৈধ দলিল ও খাজনার কাগজপত্র দেখিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত শনিবার সকালে লিছান তার জমিতে কাজ করতে গেলে মোফাজ্জল হোসেন আনোয়ার ও তার ২-৩ জন সহযোগী এসে পুনরায় চাঁদা দাবি করে গালিগালাজ শুরু করেন। লিছান অন্যায়ের প্রতিবাদ করলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে লোহার শাবল ও ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলায় লিছানের ডান হাতের আঙুল গুরুতর জখম ও দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

