
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজের ছাদের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৪ মে সকাল সাড়ে ৯টায় ছাদের ঢালাই কাজের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন।
এর আগে গত ১ মে শুক্রবার জুম্মার নামাজের পর জেলা প্রশাসক রায়হান কবির মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদের দ্বিতীয় তলার কিছু অংশ আরসিসি ঢালাই করা হলেও বাকি পুরো অংশটাই টিন দিয়ে নির্মিত ছিল। দীর্ঘদিনের ব্যবহারে টিন ক্ষয়প্রাপ্ত ও মরিচা ধরে ছিদ্র হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলার ফ্লোর পানিতে ভেসে যেত এবং শত শত মুসল্লির নামাজ আদায়ে ভোগান্তি হতো।
এ অবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিষদের অর্থায়নে মসজিদটির সংস্কার কাজ হাতে নেওয়া হয়। পুরোনো টিন পরিবর্তন করে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাইয়ের ব্যবস্থা করা হয়েছে। সংস্কার কাজ সম্পন্ন হলে বৃষ্টির সময় মুসল্লিদের নামাজ আদায়ে আর কোনো অসুবিধা হবে না।

