৫৭০ দিনেও আহ্বায়ক থেকে পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপি
৫৭০ দিনেও আহ্বায়ক থেকে পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ৫৭০ দিন পার হলেও আহ্বায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি নারায়ণগঞ্জ জেলা বিএনপি। ২০২৫ সালের ২৫ মার্চ গঠিত ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি এখনো পূর্ণাঙ্গ কমিটিতে রূপ না পাওয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
২০২৫ সালের ২৫ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে একজন আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক ও ২৯ জন সদস্য রাখা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান অধ্যাপক মামুন মাহমুদ। যুগ্ম আহ্বায়ক করা হয় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাশুকুল ইসলাম রাজীব ও শরিফ আহমেদ টুটুলকে।
কমিটির সদস্যদের মধ্যে ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন, যিনি বর্তমানে বহিষ্কৃত, আজহারুল ইসলাম মান্নান, লুৎফর রহমান আবদু, মাহফুজুর রহমান হুমায়ুন, ইউসুফ আলী ভূঁইয়া, শহিদুল ইসলাম টিটু, মাজেদুল ইসলাম (বর্মতানে বহিষ্কৃত), মোশারফ হোসেন, আশরাফুল হক রিপন, মজিবর রহমান ভূঁইয়া, মোশতাক আহমেদ, শাহজাহান মেম্বার, শামসুল হক মোল্লা, বাছির উদ্দিন বাচ্চু, আব্দুল বারী ভূঁইয়া, তাসিকুল হক ওসমান, জুয়েল আরমান, মাহমুদউল্লাহ, একরামুল কবির মামুন, রিয়াজুল ইসলাম, আনোয়ার সাদাত সায়েম, রিয়াদ মো. চৌধুরী, রহিমা শরিফ মায়া, অকিল উদ্দিন ভূঁইয়া, সেলিম হক রুমী, নুরনবী ভূঁইয়া, নাদিম হাসান মিঠু ও হামিদুল হক খান।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা ছিল, আহ্বায়ক কমিটি দায়িত্ব পাওয়ার পর সাংগঠনিক কার্যক্রম জোরদার করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি সামনে না আসায় এ নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি গঠন দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্বের কারণ এবং এ বিষয়ে জেলা বিএনপির বর্তমান অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য নিয়ে পরবর্তী পার্টে প্রকাশ করা হবে।

