নিষিদ্ধ আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

গোপালগঞ্জ সহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে মিশনপাড়া মোড়ে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশ জুড়ে কথিত আওয়ামী লীগ ও তার দোসররা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সন্ত্রাসী, নৈরাজ্য, খুন-খারাবি করার জন্য এবং দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। মানুষ জানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে কি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিলো। অগ্নিসংযোগ, ভাংচুর, মারামারি সহ সকল ধরনের অপকর্ম করেছে দেশের শান্তি ভঙ্গ করার জন্য। কোন মানুষ তাদের এই বিশৃঙ্খলা সহ্য করতে পারছেনা। দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ দেশকে একটি মৃতপুরীতে পরিণত করেছিল। এখন আবারও দেশে একই ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সাথে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে দেশবাসী অপেক্ষায় ছিলো। প্রয়োজনে আবারও ৩৬ জুলাইয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে উল্লেখ করে তিনি বলেন দেশে আরেকটি বিপ্লব হবে আর সেটি হচ্ছে ইসলামি বিপ্লব ।
তিনি আরও বলেন, জুলাই সনদের পক্ষে আমরা কথা বলেছি। কিন্তু সরকার আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়েছে। জনগণ বারবার রক্ত দেবে আর ক্ষমতাসীনরা ক্ষমতার অপব্যবহার করবে, তা আর হতে দেওয়া হবে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল মিশনপাড়া মোড় থেকে বের হয়ে নগরীর মন্ডলপাড়ায় গিয়ে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন ও মুহাম্মদ জাকির হোসাইন।

