
দলীয় শৃঙ্খলাভঙ্গ, পেশিশক্তি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই বহিষ্কার আদেশ কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে যুবদলের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, বহিষ্কৃত মোফাজ্জল হোসেন আনোয়ারের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না। একই সাথে, সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুবদল নেতৃত্ব।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ জুন সিদ্ধিরগঞ্জে দোকান নির্মাণকে কেন্দ্র করে জাফরুল হাসান লিসান নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে মোফাজ্জল হোসেন আনোয়ারের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এছাড়া, তার বিরুদ্ধে অপরাধের রেকর্ড আরও দীর্ঘ। ২০২৫ সালে সিদ্ধিরগঞ্জে সংঘটিত একটি চাঞ্চল্যকর ডাকাতির মামলায় আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র বলছে, একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণেই অবশেষে এই যুবদল নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিল কেন্দ্র।

