নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে মর্গ্যান বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে মর্গ্যান বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের উদ্দ্যেশ্য হল কোন ছাত্র ছাত্রী সুস্থ না থাকলে পড়ালেখায় মনোযোগ দিতে পারবে না। অনেকের ছোট ভাই বোন হামে অসুস্থ হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমরা চাই না আপনারা অসুস্থ হন।
মঙ্গলবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতাবৃদ্ধিতে স্কুল পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি এখানে এসেছি তারেক রহমানের নির্দেশে। আপনাদের সভাপতিও সেই নির্দেশে এসেছেন। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারকে সুস্থ রাখা। আপনারা আমার সন্তানতুল্য। আপনারা এই স্কুলে সকলে মনোযোগ সহকারে লেখাপড়া করবেন এ সময়টা জীবন গড়ার সময়। আপনারা এ সময়টাকে প্রাধান্য দিবেন।
তিনি বলেন, আপনারা আপনাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনারা আপনাদের রুমের কমোড ব্যবহার না হলেও সেটা ফ্লাশ করবেন। নয়তো সেখানে ডেঙ্গু মশার জন্ম হবে। আপনাদের হাতে দেয়া লিফলেটে নির্দেশনা দেয়া হয়েছে। আপনারা এটা পড়বেন। এটা পড়লে আপনারা উপকারী হবেন।
এ সময় উপস্থিত ছিলেন মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বেপারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব নুসরাত রেবেকাসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

