জাতীয়

নারায়ণগঞ্জে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা সোয়া ৩ লাখেরও বেশি শিশু

নারায়ণগঞ্জে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা সোয়া ৩ লাখেরও বেশি শিশু

 

নারায়ণগঞ্জ জেলায় আগামী ২৮ জুন (২০২৬ খ্রি.) দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভিটামিন ‘এ’-এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়, নারায়ণগঞ্জ এই ক্যাম্পেইনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

 

 

সিভিল সার্জন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ক্যাম্পেইনে জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতীত) ৬-১১ মাস বয়সী ৪১,৯৬২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ২,৯৩,৫০৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

 

সিভিল সার্জন জানান, ক্যাম্পেইনটি সফল করতে ইতিমধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে জেলা অ্যাডভোকেসি ও প্ল্যানিং সভা সম্পন্ন হয়েছে। ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিবসটি সম্পর্কে জনগণকে অবহিত করছেন। মসজিদের ইমামদের মাধ্যমে জুমার খুতবাসহ অন্যান্য সময়ে এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমেও ক্যাম্পেইনের প্রচার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জেলা তথ্য বিভাগের উদ্যোগে মাইকিং এবং জাতীয় পর্যায়ে টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

 

 

ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ এবং এতে পার্শ্বপ্রতিক্রিয়ার তেমন কোনো ঝুঁকি নেই। তবুও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

 

 

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান জেলার সকল সংবাদকর্মীসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতীতে ন্যায় এবারও এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

Leave a Reply

Back to top button