দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬, তাদের মধ্যে নারায়ণগঞ্জের ৫ জন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬, তাদের মধ্যে নারায়ণগঞ্জের ৫ জন

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জে এবং একজনের বাড়ি মুন্সীগঞ্জে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ইউপি সদস্য রওশন আলীর মালিকানাধীন ওই সুপার শপে রাতের বেলা কর্মীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর এলাকার মো. ফাহিম (২৯), আপন আহমেদ (২৩), নুর মোহাম্মদ (৫৫), তৈলখিয়ার চর এলাকার মো. ফয়সাল (২৬), বক্তাবলী ইউনিয়নের মো. শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিন্দিপাড়া এলাকার মো. রাজিক (৫৫)।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিকের ভাই ও স্থানীয় ইউপি সদস্য রওশন আলী জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতরা সবাই তার আত্মীয়স্বজন ছিলেন।
এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়েজ উদ্দিন জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। নিহতদের পরিবারকে সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানা যাবে।

