
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
২৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) ভোররাত ০৪:৫০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি জোন) ইন্সপেক্টর (নিঃ) জনাব আব্দুল মান্নান-এর তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল সংলগ্ন জনৈক কবির মিয়ার বাড়ীর সামনের কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৫০০ (পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫০ গ্রাম।
মোঃ সাকিব (২৫)
মোহাম্মদ হোবাইব (২৭)
মোঃ রাশেদুল ইসলাম (২৪)
মোঃ নাইমুর রহমান (২৬)
উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ নিয়মে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক ও অন্যান্য অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

