অপরাধ

রূপগঞ্জে সিন্থেটিক লেদার কারখানায় চাঞ্চল্যকর ডাকাতি: মালামাল উদ্ধার গ্রেপ্তার ২

রূপগঞ্জে সিন্থেটিক লেদার কারখানায় চাঞ্চল্যকর ডাকাতি: মালামাল উদ্ধার গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘নিপুন সিন্থেটিক লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি কারখানায় ২০-২৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল কর্তৃক ১৮-২০ জন কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল।

​এর আগে, গত ১২ জুন (২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাবো বাজার এলাকায় অবস্থিত ওই কারখানায় এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ ইরফান হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

​মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব মোঃ মেহেদী ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.এইচ.এম সালাউদ্দিনের পরিকল্পনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সুকান্ত বাউলের নেতৃত্বে পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পাহাড়তলী ও আকবরশাহ থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।

​চট্টগ্রাম মেট্রো পুলিশের সহায়তায় চালানো এই অভিযানে ডাকাতির ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— চট্টগ্রাম আকবরশাহ থানার নিউ শহিদ লেইন এলাকার মৃত সামছুল আলমের ছেলে মোঃ মুরাদ (৩০) এবং বোয়ালখালী থানার সর্বাতুলী এলাকার মোঃ নাসিরের ছেলে মোঃ রাসেল (৩২)।

​গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে কারখানার লুণ্ঠিত ২টি এয়ার কম্প্রেশার মেশিন এবং ২টি পানির পাম্প উদ্ধার পূর্বক জব্দ করেছে পুলিশ।

​রূপগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঘটনার সাথে সম্পৃক্ত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Back to top button