নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গত শনিবার (২০ জুন, ২০২৬) দিবাগত রাত ১২:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের জিমখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম তমাল আহমেদ নিপু (৪০)। তিনি নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার শাহসুজা রোডের মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃত তমাল আহমেদ নিপুর বিরুদ্ধে গত ২২ মে, ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ধারা (৮/৯(৩)/১০/১১/১২/১৩) মোতাবেক একটি মামলা (এফআইআর নং-৩৯) দায়ের করা হয়েছিল। উক্ত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে। নিষিদ্ধ সংগঠনের সাথে তার অন্যান্য কর্মকাণ্ড ও সহযোগীদের বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত আছে।

