অপরাধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম আকন্দ হত্যা মামলার ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চাঞ্চল্যকর নাদিম আকন্দ (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মো. হাকিম মোল্লাকে ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ১০টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যবান্দি এলাকার হাকিম মোল্লার ভাড়াটিয়া সেমিপাকা টিনশেড ঘরের তালাবদ্ধ ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিম আকন্দের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের মো. জসিম উদ্দিন ও মোসা. পান্না আক্তারের ছেলে।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, এ ঘটনায় নিহতের বড় ভাই মোড় জাহাঙ্গীর আলম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলামের তত্ত্বাবধানে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত অবস্থান শনাক্ত করে ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি মো. হাকিম মোল্লাকে (পিতা- মো. মাহাবুব মোল্লা, সাং- গাছবাড়ীয়া, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল) গ্রেফতার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানান, শিলপাটা দিয়ে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে নাদিম আকন্দকে হত্যা করেন তিনি। পুলিশ জানায়, পরকীয়া ও পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

​গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

Leave a Reply

Back to top button