আইন-আদালত

বহিষ্কৃত যুবদল নেতা আনোয়ারের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ

বহিষ্কৃত যুবদল নেতা আনোয়ারের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের চেষ্টার অ*ভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, বসতবাড়িতে হামলা ও হুমকি এবং বিদ্যুৎ সংযোগ স্থাপনে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বহিষ্কৃত যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ারের বিরুদ্ধে।

 

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মো. রুহুল আমিনের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর পশ্চিমপাড়া এলাকার গোদনাইল মৌজায় জমি কিনে সীমানাপ্রাচীর নির্মাণ করে বসতবাড়ি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে ভোগদখলে ছিলেন রুহুল আমিনের পরিবার। তিনি বিদেশে থাকার সুযোগে আনোয়ার দলবল নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালান।

 

পরিবারের পক্ষ থেকে জমি দখল ঠেকাতে আদালতে ফৌজদারি কার্যবিধিতে মামলা করা হলে আদালত ওই জমির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, আদালতের নিষেধাজ্ঞার পরও আনোয়ার ও তার সহযোগীরা সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যান। একপর্যায়ে প্রবাসীর বাড়িতে স্থাপিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিদ্যুৎ মিটারটি অজ্ঞাত ব্যক্তিরা খুলে নিয়ে যায়।

 

পরিবারের পক্ষ থেকে বিষয়টি ডিপিডিসিকে জানানো হলে সংস্থাটির একজন তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের দাবি, পরিদর্শন শেষে ওই কর্মকর্তা তাদের জানান, ডিপিডিসির কোনো কর্মকর্তা বা কর্মচারী মিটারটি খুলে নেননি। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

অভিযোগ অনুযায়ী, পরে ডিপিডিসির কর্মকর্তারা নতুন মিটার স্থাপন করতে ওই বাড়িতে গেলে আনোয়ারের লোকজন তাদের কাজে বাধা দেন এবং গালিগালাজ করেন। এতে কর্মকর্তারা মিটার স্থাপন না করেই ফিরে যান বলে পরিবারের দাবি।

 

প্রবাসে থাকা রুহুল আমিন বলেন, “আমি বিদেশে থাকার সুযোগে মোফাজ্জল ও তার বাহিনী আমার বাড়ি জবরদখল করতে চাচ্ছে এবং মামলা করার পর থেকে নতুন সংযোগে বাধা দিচ্ছে। এতে আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”

 

এদিকে মোফাজ্জল হোসেন আনোয়ারের বিরুদ্ধে এর আগেও মামলা ও দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার তথ্য রয়েছে। ২০০৬ সালে সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে সংঘটিত ডাকাতির মামলায় গত বছরের ১০ আগস্ট নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে কেন্দ্রীয় যুবদল তাকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক পদসহ দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগের বিষয়ে জানতে মোফাজ্জল হোসেন আনোয়ারের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিদ্যুৎ মিটার-সংক্রান্ত বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Back to top button