
নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি স্বর্ণের দোকানে প্রকাশ্য দিবালোকে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত মিজান (২৬) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে বন্দর থানাধীন ঢাকেশ্বরী বাজার এলাকার সোনাচরায় একটি স্বর্ণের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা টিম যৌথভাবে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ভোরে বন্দর থানাধীন মালামত সাকিনস্থ মামুন ডাকাতের বাড়ির সামনে থেকে অভিযুক্ত মিজানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজান বন্দর থানার সোনাচরা এলাকার ফজলুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের শনাক্তকরণ, গ্রেফতারে অভিযান এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

