গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকার বাসভবনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের পুরোনো টিনশেডের বাসভবন। এর পাশেই তাঁর আটতলা একটি ভবন রয়েছে। তবে ওই ভবনটি অক্ষত রয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। আজ রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত টিনশেডের বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিওতে তাঁকে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া এবং তাঁদের ওপর হামলার নির্দেশনা দিতে শোনা যায় বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুরের ধীরাশ্রমে আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

