সারাদেশ

টোকেন বাণিজ্যে বেপরোয়া ফিটনেসবিহীন যান ও লাইসেন্সবিহীন চালক: ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা

চট্টগ্রাম প্রতিনিধি: মেহেদী হাসান সোহেল

দেশের লাইফলাইন খ্যাত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক পরিবহন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ব্যাপক অনিয়ম। অভিযোগ উঠেছে, এক শ্রেণির অসাধু চক্রের দেওয়া বিশেষ ‘টোকেন’-এর আড়ালে কোনো ধরনের ফিটনেস সনদ ছাড়াই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে লক্কড়-ঝক্কড় যানবাহন। শুধু তাই নয়, এসব গাড়ির স্টিয়ারিং থাকছে বৈধ ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের হাতে। এতে প্রতিদিনই চরম প্রাণহানির ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন হাজার হাজার যাত্রী ও পথচারী।

​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে ফিটনেসবিহীন ট্রাক, পিকআপ, বাস ও থ্রি-হুইলার অবাধে চলাচল করছে। নিয়ম অনুযায়ী এসব যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও, রহস্যজনক কারণে তা দেখা যাচ্ছে না। পরিবহন সংশ্লিষ্টদের একাংশ ও সাধারণ যাত্রীদের অভিযোগ, মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে সরবরাহকৃত এক ধরনের ‘টোকেন’ প্রদর্শন করলেই পার পেয়ে যাচ্ছে এসব অবৈধ যানবাহন ও চালক।

​সচেতন মহল ও ভুক্তভোগী যাত্রীরা প্রশ্ন তুলেছেন, একজন লাইসেন্সবিহীন অদক্ষ চালক কতটুকু নিরাপদে গাড়ি চালাতে সক্ষম? তার হাতে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কতটুকু সুরক্ষিত? ‘টোকেন’ থাকলেই কি ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইন প্রয়োগ শিথিল হয়ে যায়?

​মহাসড়কে এমন চরম অব্যবস্থাপনা ও জননিরাপত্তার প্রশ্নে কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে চারটি সুনির্দিষ্ট প্রশ্ন রেখেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা—

১. মহাসড়কে অবৈধভাবে গাড়ি চালানোর এই টোকেন কারা দিচ্ছে এবং এর আইনগত ভিত্তি কী

২. বৈধ কাগজপত্র ও ফিটনেস না থাকা সত্ত্বেও এসব যানবাহন কীভাবে নির্বিঘ্নে মহাসড়কে চলাচল করছে

৩. লাইসেন্সবিহীন চালকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃশ্যমান কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

৪. টোকেনের নামে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন বা চাঁদাবাজির অভিযোগ থাকলে, প্রশাসনের পক্ষ থেকে তার নিরপেক্ষ তদন্ত করা হবে কি

​মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রধান দায়িত্ব। বড় কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আগেই টোকেন বাণিজ্যের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

Leave a Reply

Back to top button