সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পরীক্ষা সম্পন্ন, উত্তীর্ণ ১৭৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

​‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের (অক্টোবর-২০২৬) মাঠ পর্যায়ের কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষার (পিইটি) পর ২২২ জন প্রার্থীর মধ্য থেকে ১৭৬ জন লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম শুরু হয় এবং শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় তা শেষ হয়।

​নিয়োগের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের (পিপিএম) তত্ত্বাবধানে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য ও পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ড. মাসুরা বেগম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম খান ও ডা. জাহানারা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​পরবর্তীতে ২০ নভেম্বর ফিজিক্যাল এনডুরেন্স টেস্টের (পিইটি) অংশ হিসেবে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প এবং শনিবার (২১ নভেম্বর) ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​পরীক্ষা চলাকালে প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হচ্ছে। এ সময় তিনি প্রার্থী ও তাঁদের অভিভাবকদের কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার জন্য কঠোরভাবে সতর্ক করেন। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে পেশাদারিত্ব, সততা ও জনকল্যাণের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ঝুঁকি, অনিশ্চয়তা ও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। যারা এবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

​পুলিশ জানায়, মাঠ পর্যায়ে উত্তীর্ণ ১৭৬ জন প্রার্থী পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পর্যায়ক্রমে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

Leave a Reply

Back to top button