
নারায়ণগঞ্জে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় ডিভিশনের উদ্যোগে উপব্যবস্থাপনা পরিচালক-নারায়ণগঞ্জ দপ্তর নিয়ে ‘গণশুনানি-২০২৬’ আয়োজিত হয়েছে।
মঙ্গলবার (১০ই নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) ব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা কৌশল ও রিসোর্সেস মোবিলাইজেশন) প্রকৌশলী বিশ্বজিৎ সাহা।
তিনি জানান, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই গণশুনানির আয়োজন করা হয়েছে। এই গণশুনানীর মাধ্যমে গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে এবং সমস্যা সমাধানে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
এসময় গণশুনানীতে নারায়ণগঞ্জ অঞ্চলের গ্রাহক, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও সাধারণ জনগণ সরাসরি তাদের গ্যাস সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও মতামত তুলে ধরেন।
উক্ত গণশুনানিতে সভাপতিত্ব করেন, তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপনা পরিচালক (নারায়ণগঞ্জ) প্রকৌশলী সত্যজিৎ ঘোষ, মহাব্যবস্থাপক প্রকৌশলী গোলাম ফারুক সহ এসময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

