কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার

কুষ্টিয়া শহরে বাসার সামনে এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন (১৭) কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে পুলিশ। এরপর থেকে তাকে গ্রেফতারে অভিযান চলছিল।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকায় জাকিয়াকে ছুরিকাঘাত করা হয়। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তার এসএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার সামনে কলবেল চাপার সময় পেছন থেকে এসে এক কিশোর তাকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা জাকিয়ার পেছন থেকে ছুরি হাতে এগিয়ে আসে এক কিশোর। এরপর তাকে একের পর এক আঘাত করে। হাত দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করতে করতে চিৎকার দিয়ে সড়কে লুটিয়ে পড়ে জাকিয়া। পরে হামলাকারী ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, তার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে হাতে দুটি গভীর ক্ষত ছিল। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সে আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

