ফতুল্লায় প্রাইভেট কারসহ ২৫ পিস ইয়াবা ও ৬০ হাজার টাকাসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৬০ হাজার নগদ টাকা এবং একটি করোলা প্রাইভেট কারসহ মো. রিফাত হৃদয় (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) ভোর ৪টা ১০ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকার যমুনা ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নির্দেশনায় এবং এসআই (নিরস্ত্র) মো. মফিজুর রহমানের নেতৃত্বে থানার একটি চৌকস আভিযানিক দল এ অভিযান চালায়। গ্রেফতারকৃত মো. রিফাত ফতুল্লার সস্তাপুর (আব্দুল করিম স্কুল সংলগ্ন, সাজ্জাদ মিয়ার বাড়ি) এলাকার মৃত শরিফ মিয়ার ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬০,০০০ টাকা এবং মাদক পরিবহনে ও বিক্রির কাজে ব্যবহৃত একটি করোলা প্রাইভেট কার জব্দ করা হয়। আসামির পিসিপিআর (পূর্বের অপরাধের রেকর্ড) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

