নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধারসহ গ্রেফতার ৮২
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)-র যৌথ উদ্যোগে পরিচালনা করা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মোট ৮২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দিনগত রাতে এ বিশেষ অভিযান সম্পন্ন হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ১২ গ্রাম হেরোইন।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, জেলার ৭টি থানা এলাকা এবং ডিবি পুলিশ পৃথক অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী ও পলাতক আসামিসহ ৮২ জনকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদকের সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, অভিযানে মোট ১৩ জন মাদক কারবারি ও ৪৩ জন মাদকসেবী গ্রেফতার হন। পাশাপাশি ১ জন ছিনতাইকারী, ২ জন চোর, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ১১ জন, নিয়মিত মামলার ৮ জন আসামি, অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্যকে আইনের আওতায় আনা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা: ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৪ জন মাদকসেবী, ১ জন ওয়ারেন্টভুক্ত এবং ১ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানা: ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারি ও ২ জন মাদকসেবী আটক হন। সাথে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা: ১২ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারি, ৬ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ২ জন সদস্যসহ সর্বোচ্চ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানা: ১২০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারি, ২ জন মাদকসেবী, ৩ জন ওয়ারেন্টভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ৮ জন গ্রেফতার হয়েছেন।
সোনারগাঁও থানা: ১০৮ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি ও ১৬ জন মাদকসেবী আটক হন। এছাড়া ২ জন ওয়ারেন্টভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানা: ১০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারি ও ২ জন চোর গ্রেফতার হয়। একই অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবীকে সাজা দিয়ে গ্রেফতার দেখানো হয়। এ থানায় মোট গ্রেফতার ১৮ জন।
আড়াইহাজার থানা: ১ জন মাদকসেবী এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক ও অপরাধ নিরসনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনি পদক্ষেপ গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

