আইনজীবী ফোরামের সমাবেশে বিশাল মিছিল নিয়ে মহানগর হকার্স দলের যোগদান
আইনজীবী ফোরামের সমাবেশে বিশাল মিছিল নিয়ে মহানগর হকার্স দলের যোগদান

“জয় বাংলা স্লোগানে লাথি মারো! বাংলাদেশ জিন্দাবাদ কায়েম করো!! আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান” এই স্লোগান সংবলিত ব্যানার নিয়ে নারায়ণগঞ্জ বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ই অক্টোবর) দুপুরে বার ভবনের সামনে আইনজীবী ফোরাম আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, নারায়ণগঞ্জ মহানগর হকার্স দলের নেতৃবৃন্দরা।
নারায়ণগঞ্জ মহানগর হকার্স দলের নেতা মোঃ আবু আল বেলাল খান বিল্লাল ও মোঃ মুসা মিয়ার নেতৃত্বে বিশাল এ মিছিলে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর হকার্স দলের সহ-সভাপতি জিহাদুর রহমান, ইমন হোসেন, আরমান সরদার, জুয়েল, মনির, রানা, সাদেক হোসেন, রাব্বি, কিরন, বড় মিয়া, আলমগীর, রোমান, আক্তার ও মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আদালত প্রাঙ্গণে জয়বাংলা স্লোগান দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে মহানগর হকার্স দলের নেতা মোঃ আবু আল বেলাল খান বিল্লাল বলেন, “আইন সবার জন্য সমান থাকার সুযোগ নিয়ে এই আদালত প্রাঙ্গণে এসে আইভি ওই ফ্যাসিস্ট স্বৈরাচারদের পুনর্বাসিত করতে চাচ্ছে। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে এই রাষ্ট্রই থাকবে না। আমাদের দলের মধ্যে যতই মতানৈক্য থাকুক, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আবু আল বেলাল খান বিল্লাল আরও বলেন, “একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদের দোসররা নানাভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে এই সরকার বরদাশত করবে না। আদালতপাড়ায় নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেওয়ার ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এর আগে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সহ ছাত্রদল, যুবদল, হকার্স দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার পর রাতে আইভীর দুই আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিল থেকে আইভীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপির নেতারা। পাশাপাশি সমাবেশে আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন বক্তারা।

