ফতুল্লায় কোটি টাকার চুরির রহস্য উদঘাটন, ড্রাইভার গ্রেফতার ও স্বর্ণ উদ্ধার
ফতুল্লায় কোটি টাকার চুরির রহস্য উদঘাটন, ড্রাইভার গ্রেফতার ও স্বর্ণ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগী পরিবারের এক ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে প্রায় ৪৯ ভরি স্বর্ণালংকার ও সাড়ে আট ভরি রূপার অলংকার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য কোটি টাকার বেশি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল থেকে দুপুরের মধ্যে ফতুল্লা মডেল থানাধীন শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা কৌশলে বাসায় প্রবেশ করে নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা, বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপার অলংকার এবং সিসি ক্যামেরার ডিভিআরসহ মোট ১ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত চুরি মামলা রুজু করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুজেট বিশ্লেষণ করে। ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বাড়ির ড্রাইভার হোসেন (৪২) পরিবারের সদস্যদের অগোচরে বাড়িতে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর বের হয়ে যান। এই সূত্র ধরে পুলিশ তার গতিবিধি কঠোর নজরদারিতে রাখে।
গত ১৪ সেপ্টেম্বর রাতে ফতুল্লার শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হোসেন শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার কালামের ছেলে এবং বর্তমানে ফতুল্লার চানমারি এলাকায় ভাড়া থাকেন।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ বাউন ও এসআই মিলন ফকিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

