ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি: সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি: সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মিজানুর রহমান সোহেল (৪১) নামের এক সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় মহাসড়কের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সে সময় মোবাইল ডিউটিতে নিয়োজিত টহল পুলিশ সদস্যরা বিষয়টি দূর থেকে লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫ থেকে ৬ জন সদস্য দ্রুত দৌড়ে পালিয়ে গেলেও এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান সোহেল কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস গ্রামের আব্দুর রব মিয়া ও মফি আক্তার দম্পতির ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, এই চক্রের সাথে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। পলাতক ও চিহ্নিত সহযোগীদের মধ্যে রয়েছে—
রাকিব (৩৫), শ্রাবণ গাড়ির হেলপার
নাহিদ (৩৩), পিতা: মজিবর, মাতা: নাজমা মেম্বার, সাং: কাঁচপুর উত্তরপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ
আলামিন (২৫), সাং: কাঁচপুর উত্তরপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ
ইউসুফ (৩০)
এবং আরও ১ থেকে ২ জন অজ্ঞাতনামা সদস্য।
এ ঘটনায় সোনারগাঁও থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

