
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৪টি প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ২৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশের দায়িত্ব দিয়ে বদলি করা হলেও, এই রিপোর্ট লেখা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় নতুন কোনো পুলিশ সুপারের পদায়ন ঘোষণা করা হয়নি।
একই আদেশে কুষ্টিয়া, পঞ্চগড় ও খুলনা জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) পদায়ন করা হয়েছে।

