সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার, বিপুল পোস্টার উদ্ধার
সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার, বিপুল পোস্টার উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আসামির নাম নাজমুল খান শান্ত (৩১)। আজ সোমবার (২২ জুন, ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া পাওয়ার হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খানের প্রত্যক্ষ নেতৃত্বে ডিবির একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোগরাপাড়া পাওয়ার হাউজের সামনে যখন নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানো হচ্ছিল, ঠিক তখনই শান্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের বিপুল পরিমাণ পোস্টার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত নাজমুল খান শান্ত সোনারগাঁও থানার বাড়ী চিনিস (মোগরাপাড়া ইউনিয়ন) এলাকার দুরুদ খানের ছেলে।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা চলমান রয়েছে। আজ গ্রেফতারের পর আসামিকে সোনারগাঁও থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

