সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুর সালাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের বাঘমারা তিন রাস্তার মোড় এলাকার ‘রজ্জব হেয়ার ড্রেসার এন্ড সেলুন’ এর সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুর সালাম সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের বাগমারা এলাকার শের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল বাঘমারা এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন নুর সালামকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধ ও মাদক দমনে পুলিশ কোনো ছাড় দেবে না।

