
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের আরও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘দিগন্ত পরিবহণ’র একটি যাত্রীবাহী বাস বৈশামুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক থেকে ছিটকে উল্টে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী ও শিশু আলিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস ও নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।
এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। তাদের উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে স্থানান্তর করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

