ফতুল্লায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৫ শিক্ষার্থী
ফতুল্লায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। আহত অন্য শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব জানান, তিনি বিদ্যালয় পরিদর্শনে এসে ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই হঠাৎ ওপর থেকে সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে ফ্যানটি সরাসরি কারও মাথায় না পড়লেও এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়। তিনি বলেন, “ফ্যানটি যদি কারও মাথায় পড়ত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”
আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর জানান, প্রধান শিক্ষকের আমন্ত্রণে তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। উপস্থিত থাকা অবস্থাতেই এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বিদ্যালয় ভবনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং দ্রুত নতুন ভবন নির্মাণ: ৪ করা প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালে হঠাৎ করেই সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান। নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, ঘটনাটি তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

