রূপগঞ্জে বসতবাড়িতে ডাকাতি: ৫ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার ও পিকআপ উদ্ধার
রূপগঞ্জে বসতবাড়িতে ডাকাতি: ৫ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার ও পিকআপ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি পাকা বসতবাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার, ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যবর্তী সময়ে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার একটি পাকা বসতবাড়ির দ্বিতীয় তলায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল প্রধান কাঠের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গৃহকর্তা, তাঁর স্ত্রী ও দুই পুত্রকে জিম্মি করে আলমারির লকার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অবহিত করা হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গাউছিয়া-ভুলতা এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি পিকআপ ভ্যানসহ ডাকাতির সাথে সরাসরি জড়িত ৫ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে তাদের তল্লাশি ও দেখানো মতে লুণ্ঠিত স্বর্ণালংকারের মধ্য থেকে বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার এবং ঘর ভাঙার সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো:
১. শাহিন ওরফে শামীম (৪৮), পিতা: মৃত আব্দুল হামিদ ভাসানী, মাধবদী, নরসিংদী (বর্তমান ঠিকানা: ডহরগাঁও, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ)।
২. মোঃ শরীফ (৩৯), পিতা: আব্দুর রব মিয়া, হোমনা, কুমিল্লা (বর্তমান ঠিকানা: দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা)।
৩. হ হৃদয় দাস (৩০), পিতা: হরি কৃষ্ণ দাস, খিদিরপুর, নরসিংদী।
৪. মোঃ তামজিদ মিয়া (৪০), পিতা: নওশের আলী মিয়া, বগিরাতপুর, মাধবদী, নরসিংদী।
৫. মোঃ শামীম (৪০), পিতা: রফিকুল, দিঘীরপাড়, মাধবদী, নরসিংদী।
পরবর্তীতে ভুক্তভোগী গৃহকর্ত ও তাঁর পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়ে গ্রেফতারকৃতদের শনাক্ত করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি নিয়মিত ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে এবং বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে।

