
নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ৩১ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে চাষাড়া-সাইনবোর্ড লিংক রোডসংলগ্ন এক্সি ওষুধের ডিপোর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়।
অভিযানকালে কুখ্যাত মাদক কারবারি মো. রায়হানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে পুলিশি ডাটাবেজ (পিসিপিআর) যাচাই করে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

