নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭৭
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলাজুড়ে ০৭টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ উদ্যোগে পরিচালনা করা বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে মাদক কারবারি, সেবনকারী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ একাধিক মামলার অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক এ অভিযানে মাদক বিক্রির অভিযোগে ০৬ জন এবং সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে মোট ১৪৩ পিস ইয়াবা ও ৫.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে ১৩ জন, ছিনতাইকারী ০১ জন, নিয়মিত মামলার আসামি ০২ জন, নিষিদ্ধ সংগঠনের ০২ জন সদস্য এবং অন্যান্য অপরাধমূলক ধারায় আরও ০৫ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিদ্ধিরগঞ্জ থানা: সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে সিদ্ধিরগঞ্জে। এখান থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ ০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫.৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি ০১ জন, মাদকসেবী ০৯ জন, ছিনতাইকারী ০১ জন এবং ওয়ারেন্টভুক্ত ০১ জনসহ মোট ১৩ জন গ্রেপ্তার হয়।
সোনারগাঁও থানা: ১১১ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক কারবারি, ১৭ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ০২ জনসহ সর্বাধিক ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা: ৩২ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারি, ১০ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ০২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ০১ জন সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা: মাদকসেবী ০৯ জন, ওয়ারেন্টভুক্ত ০১ জন এবং নিয়মিত মামলার ০৪ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা: ওয়ারেন্টভুক্ত ০৭ জন, মাদকসেবী ০১ জন, নিষিদ্ধ সংগঠনের ০১ জন এবং অন্যান্য ধারায় ০১ জনসহ সর্বমোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর ও আড়াইহাজার থানা: সদর থানা পুলিশ ০২ জন মাদকসেবীকে এবং আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার ০১ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলাজুড়ে এ ধরণের ঝটিকা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

