চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটনসহ গ্রেফতার ৩
চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটনসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া এলাকায় চাঞ্চল্যকর শ্রী শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলার রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত ৩ জন এজাহারনামীয় ও সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে চাষাড়া হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনের রাস্তা থেকে গুলি ও চাকুঘাতে রক্তাক্ত অবস্থায় শুভ চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুভ চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর উপজেলার গলাচিপা এলাকার শ্রী হরি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৮, তারিখ-০৫/০৯/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড)।
ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে মাঠে নামে ডিবির একটি চৌকস দল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, অনিক ও সুমনের পরিকল্পনা অনুযায়ী মাত্র ১০টি ইয়াবা ট্যাবলেটের লোভে শুভরই সহযোগী সোহান তাকে কৌশলে ঘটনাস্থলে ডেকে আনে। পরবর্তীতে অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল এই নৃশংস হত্যাকাণ্ডে অংশ নেয়। এ সময় অনিক ও অহিদ শুভকে গুলি করে এবং অন্য সহযোগীরা চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে নিশ্চিত মৃত্যু নিশ্চিত করে।
পুলিশ অভিযানে আসামিদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেফতারে এবং অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), পিতা: কালু মিয়া, আমলাপাড়া মাদ্রাসাপাড়া (বর্তমান ঠিকানা: বন্দর খানবাড়ি মোড়)।
২. সিয়াম আহমেদ সিজান (২১), পিতা: মোঃ দেলোয়ার হোসেন, আমলাপাড়া, ২১ নং কেবি সাহা বাইলেন, নারায়ণগঞ্জ সদর।
৩. মোঃ সোহান (২৪), পিতা: মৃত সমর্চান সরদার, আমলাপাড়া, ২১ নং কেবি সাহা বাইলেন, নারায়ণগঞ্জ সদর।

